ai teacher apps how it works human vs ai teacher
AI Teacher: একটা সময় পড়াশোনা মানেই ছিল স্কুলের ক্লাসরুম, সামনে শিক্ষক, হাতে বই আর খাতায় নোট। কিছু না বুঝলে হাত তুলে প্রশ্ন করতে হতো। শিক্ষক বোঝাতেন, আবার না বুঝলে অন্যভাবে বোঝাতেন। পরীক্ষার আগে বাড়তি ক্লাস, ভুল করলে বকা, ভালো করলে প্রশংসা, পড়াশোনার সঙ্গে এই মানবিক বিষয়গুলিও জড়িয়ে ছিল। কোনও অঙ্ক বুঝতে পারছেন না? মোবাইল খুলে AI-কে জিজ্ঞাসা করা যায়। ইংরেজি grammar-এ সমস্যা? এআই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারে। কোনও কঠিন বিষয়কে সহজ ভাষায় জানতে চাইলে কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর পাওয়া যায়। এমনকি নিজের পড়ার গতি অনুযায়ী প্রশ্ন তৈরি করা, ভুলের জায়গা খুঁজে দেওয়া কিংবা পরীক্ষার আগে প্র্যাকটিস করানোর কাজও করছে এআই।
তাহলে কি ভবিষ্যতে শিক্ষকের প্রয়োজনই থাকবে না? উত্তরটা এতটা সহজ নয়।
কারণ এআই একজন ভালো পড়ার সঙ্গী হতে পারে, কিন্তু একজন মানুষের শিক্ষক হওয়ার জায়গাটা এখনও পুরোপুরি নিতে পারে না।
আরও পড়ুন: WhatsApp এর এই 5টি সিকিউরিটি ফিচার অন থাকলে, নিরাপদ থাকবে আপনার অ্যাকাউন্ট
এখানে এআই শিক্ষক বলতে এমন এআই-ভিত্তিক টুল বা অ্যাপকে বোঝানো হচ্ছে, যেগুলি ছাত্রছাত্রীকে কোনও বিষয় বুঝতে, প্রশ্নের উত্তর খুঁজতে, প্র্যাকটিস করতে বা নিজের ভুল ধরতে সাহায্য করে।
সবচেয়ে পরিচিত উদাহরণ অবশ্যই ChatGPT, এর পাশাপাশি Google Gemini, Khan Academy-এর Khanmigo, Duolingo-র AI-ভিত্তিক language learning features, Photomath-এর মতো অ্যাপও পড়াশোনায় এআই-এর ব্যবহারকে সহজ করেছে।
এআই-এর সবচেয়ে বড় সুবিধা হল, এটি একজন ছাত্রের সঙ্গে একান্তে বসে কাজ করার মতো অভিজ্ঞতা তৈরি করতে পারে। একজন ছাত্র বলতে পারে, “এই বিষয়টা আমি বুঝতে পারছি না। ক্লাস 6-এর ছাত্রকে যেমন বোঝাবে, তেমন করে বোঝাও।” আবার একটু বুঝতে পারলে বলা যায়, “এবার একটু কঠিনভাবে বোঝাও।”
মানুষের শিক্ষকের পক্ষে প্রতিটি ছাত্রকে 24 ঘণ্টা এই ব্যক্তিগত সময় দেওয়া সম্ভব নয়। এআই সেখানে অনেক বেশি সহজলভ্য।
ChatGPT এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জায়গায় নেই। কোনও বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করা, practice question তৈরি করা, essay-এর structure বুঝিয়ে দেওয়া, grammar ঠিক করা, maths-এর ধাপ দেখানো—বিভিন্ন কাজে ছাত্রছাত্রীরা এটি ব্যবহার করছে।
তবে একটা সমস্যা রয়েছে। AI সুন্দরভাবে উত্তর দিলেই যে উত্তরটি সবসময় সঠিক হবে, তা নয়।
Gemini-ও ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর, বিষয় ব্যাখ্যা, summarisation এবং লেখালেখির কাজে সাহায্য করতে পারে। Google-এর ecosystem-এর সঙ্গে যুক্ত থাকার কারণে তথ্য খোঁজার ক্ষেত্রেও অনেকে এটি ব্যবহার করেন।
Khan Academy-এর Khanmigo-কে AI tutor হিসেবে তৈরি করা হয়েছে। এর লক্ষ্য সরাসরি উত্তর দিয়ে দেওয়া নয়, বরং ছাত্রকে প্রশ্ন করে বা hint দিয়ে নিজে উত্তর বের করতে সাহায্য করা।
2026 সালে প্রকাশিত একটি দুই বছরের randomised school experiment-এ Khanmigo ব্যবহারকারী শিক্ষার্থীদের maths achievement-এ ইতিবাচক প্রভাব পাওয়া গেছে। তবে গবেষণাটি একই সঙ্গে দেখিয়েছে যে অনেক ছাত্র AI tutor-কে খুব ঘন ঘন বা গভীরভাবে ব্যবহার করেনি।
অর্থাৎ শুধু AI থাকলেই হবে না, কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ।
ভাষা শেখার ক্ষেত্রে AI-এর ব্যবহার অনেক আগে থেকেই দেখা যাচ্ছে। Duolingo-র মতো অ্যাপ ছাত্রের practice এবং ভুলের ধরন অনুযায়ী শেখার অভিজ্ঞতা তৈরি করতে পারে।
ভাষা শেখার ক্ষেত্রে এআই-এর বড় সুবিধা হল, ছাত্র বারবার একই প্রশ্ন করতে পারে। একজন মানুষের কাছে একই ভুল বারবার জিজ্ঞাসা করতে অনেকেরই সংকোচ হয়। এআই-এর ক্ষেত্রে সেই অস্বস্তিটা থাকে না।
অঙ্কের সমস্যার ছবি তুলে দিলে কিছু অ্যাপ ধাপে ধাপে সমাধান দেখাতে পারে। ফলে শুধু উত্তর নয়, কোথা থেকে কীভাবে সমাধান এসেছে সেটাও দেখার সুযোগ থাকে।
তবে এখানেও একটা বিপদ আছে—ছাত্র যদি শুধু উত্তর দেখে নেয় এবং নিজে অঙ্ক করার চেষ্টা না করে, তাহলে অ্যাপটি শিক্ষক না হয়ে shortcut হয়ে দাঁড়ায়।
এআই এর সবচেয়ে বড় সুবিধা সম্ভবত personalisation। একই ক্লাসে 40 জন ছাত্র থাকলে প্রত্যেকের বোঝার ক্ষমতা এক নয়। কেউ একবারেই বুঝে যায়, কারও পাঁচবার বোঝাতে হয়। একজন শিক্ষক যতই ভালো হন, একসঙ্গে প্রত্যেক ছাত্রকে তার নিজের গতিতে শেখানো কঠিন। আরেকটি বড় সুবিধা, অনেক ছাত্র ক্লাসে প্রশ্ন করতে ভয় পায়। এআই এর কাছে সেই ভয় নেই। একটি প্রশ্ন দশবার করলেও এআই বিরক্ত হয় না। একই বিষয় কখনও বাংলায়, কখনও ইংরেজিতে, কখনও উদাহরণ দিয়ে বোঝানো যায়।
বিশেষ করে দুর্বল ছাত্রদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু এআই শিক্ষক হওয়ার জায়গায় সমস্যা কোথায়? এখানেই আসল প্রশ্ন। এআই খুব আত্মবিশ্বাসের সঙ্গে ভুল উত্তর দিতে পারে। এটাকে সাধারণভাবে AI hallucination বলা হয়। অর্থাৎ এআই এমন তথ্য তৈরি করতে পারে যা শুনতে একেবারে ঠিক মনে হলেও আসলে ভুল বা বানানো।
শিক্ষার ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ একজন ছাত্র যদি ভুল তথ্যকে সঠিক ধরে নিয়ে পরীক্ষায় লেখে, তাহলে সমস্যাটা শুধু একটি ভুল উত্তরেই শেষ হয় না। তার শেখার ভিতটাই ভুল হতে পারে। 2026 সালে প্রকাশিত গবেষণাতেও AI tutor-এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সঠিক উত্তর দেওয়া আর ভালোভাবে শেখানো এক জিনিস নয়। একজন শিক্ষার্থীর বর্তমান জ্ঞান, বয়স, syllabus এবং শেখার পর্যায়ের সঙ্গে উত্তরটি মানানসই হওয়াও জরুরি।
ধরা যাক, একজন ছাত্রকে একটি কঠিন অঙ্ক দেওয়া হয়েছে। সে 20 মিনিট চেষ্টা করার বদলে সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-কে প্রশ্ন করল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কয়েক সেকেন্ডে সমাধান দিয়ে দিল। অঙ্কটা হয়তো সে ঠিকই পেয়ে গেল। কিন্তু আসল প্রশ্ন হল, সে কি অঙ্কটা শিখল? এখানেই AI-এর সবচেয়ে বড় ঝুঁকি।
সম্প্রতি logic puzzle নিয়ে একটি পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে, AI-এর সাহায্য খুব সহজলভ্য হলে মানুষ বেশি সাহায্য নিতে পারে, কিন্তু AI সরিয়ে নেওয়ার পর কিছু ক্ষেত্রে তাদের নিজের কাজের দক্ষতা দুর্বল দেখা যেতে পারে। গবেষণাটি স্বাধীনভাবে problem-solving করার চেষ্টার সঙ্গে skill development-এর সম্পর্কও দেখিয়েছে।
অর্থাৎ AI দিয়ে কাজটা করে ফেলা আর AI ব্যবহার করে কাজটা শেখা, দুটো এক নয়।
এখনই এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। বরং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থায় সম্ভবত AI এবং মানুষের শিক্ষক একসঙ্গে কাজ করবে। একজন শিক্ষক AI ব্যবহার করে lesson plan তৈরি করতে পারেন, প্র্যাকটিস questions বানাতে পারেন, ছাত্রদের দুর্বল জায়গা চিহ্নিত করতে পারেন।
অন্যদিকে ছাত্র AI-এর সাহায্যে বাড়িতে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত শিক্ষক থাকবেন সেই মানুষটি, যিনি ঠিক করবেন। কী শেখাতে হবে, কেন শেখাতে হবে এবং কীভাবে একজন ছাত্রকে আরও ভালোভাবে শেখানো যায়।
এমনকি বর্তমানে শিক্ষাক্ষেত্রে AI ব্যবহার নিয়ে গবেষণাগুলিও বলছে, AI-এর ফলাফল অনেকটাই নির্ভর করে সেটিকে কীভাবে শিক্ষার সঙ্গে ব্যবহার করা হচ্ছে তার উপর। 2026 সালের একটি meta-analysis-এ GenAI-supported learning-এর সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব পাওয়া গেলেও বিভিন্ন পরিস্থিতিতে ফলাফলের মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা গেছে।
AI যত শক্তিশালী হচ্ছে, সঠিক তথ্য আর ভুল তথ্যের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তত বেশি দরকার হচ্ছে। কারণ ভবিষ্যতের ছাত্র শুধু বই থেকে তথ্য পাবে না। Google, YouTube, ChatGPT, Gemini এবং বিভিন্ন AI tool থেকে অসংখ্য উত্তর পাবে।
তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হবে, “কোন উত্তরটা সত্যি?” এই প্রশ্নটা শেখানোর দায়িত্ব মানুষের শিক্ষকের। AI ছাত্রকে উত্তর দিতে পারে। কিন্তু কোন প্রশ্ন করা উচিত, কেন প্রশ্ন করা উচিত এবং পাওয়া উত্তরকে কীভাবে যাচাই করতে হয়, এই শিক্ষা এখনও মানুষের কাছ থেকেই সবচেয়ে ভালোভাবে পাওয়া যায়।
শেষ কথা
AI শিক্ষাক্ষেত্রে যে বড় পরিবর্তন আনছে, সেটা অস্বীকার করার কোনও জায়গা নেই। একজন ছাত্রের হাতে এখন এমন একটি digital assistant রয়েছে, যে দিনের যেকোনও সময়ে প্রশ্নের উত্তর দিতে পারে, practice করাতে পারে এবং কঠিন বিষয়কে সহজ করে বোঝানোর চেষ্টা করতে পারে।
কিন্তু এখানেই একটা কথা মনে রাখা দরকার,
AI একজন শিক্ষককে সাহায্য করতে পারে, একজন শিক্ষককে replace করার চেষ্টা করতে পারে, কিন্তু একজন মানুষের মতো শিক্ষক হয়ে উঠতে হলে শুধু জ্ঞান থাকলেই হয় না।
একজন শিক্ষক ছাত্রের ভুল দেখেন, আবার তার ভয়ও দেখেন। ছাত্রের নম্বর দেখেন, আবার তার চেষ্টা দেখেন। কখনও বকেন, কখনও উৎসাহ দেন, কখনও শুধু বলেন, “আর একবার চেষ্টা করো, তুমি পারবে।” আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো সেই কথাটাও বলতে পারবে।
কিন্তু একজন ছাত্রের জীবনে সেই কথাটার কখন, কীভাবে এবং কার মুখ থেকে আসা দরকার—সেটা বোঝার জায়গাতেই এখনও মানুষের শিক্ষক আলাদা। তাই ভবিষ্যতের প্রশ্নটা সম্ভবত “AI না মানুষ কে শিক্ষক?” হওয়া উচিত নয়। প্রশ্নটা বরং হওয়া উচিত-
“AI-কে কীভাবে ব্যবহার করলে একজন মানুষ শিক্ষক আরও ভালো শিক্ষক হয়ে উঠতে পারেন?” কারণ পড়াশোনার ভবিষ্যৎ হয়তো AI-এর হাতে একা নয়। AI আর মানুষের শিক্ষকের একসঙ্গে কাজ করার মধ্যেই সেই ভবিষ্যৎটা তৈরি হবে।