সোশ্যাল মিডিয়া সাইট হোক কিংবা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ, যে কোনো জায়গায় চ্যাটের ক্ষেত্রেই ইমোজি খুব গুরুত্বপূর্ণ। যে কোনো সাধারণ মেসেজকে আরও অর্থপূর্ণ করে তোলা যায় ইমোজির সাহায্যে। মনের কথাকে মেসেজের সাহায্যে বোঝাতেও ইমোজির জুড়ি মেলা ভার। আবার অনেকসময় হাতে কম সময় থাকলেও ইমোজির মাধ্যমে রেসপন্স পাঠিয়ে দেওয়া যায়।
ইউনিকোড কনসরটিয়াম নামে একটি ল্যাঙ্গুয়েজ ডিজিটাইজিং সংস্থা 2021 সালে ইউজারদের দ্বারা সবচাইতে ব্যবহৃত ইমোজিগুলির একটি লিস্ট সামনে নিয়ে এসেছে। এই বছর সবচাইতে বেশি যে ইমোজি ব্যবহার করা হয়েছে তা হল “Face with tears of joy” বা হাঁসতে হাঁসতে কেঁদে ফেলার ইমোজি।
ইউনিকোড কনসরটিয়াম সংস্থার রিপোর্টে ইউজারদের ইমোজি ব্যবহার করার বিষয়ে বেশ কয়েকটি দারুণ জিনিস লক্ষ করা গিয়েছে। যেমন রিপোর্টে যে সেরা 100 টির ইমোজির কথা বলা হয়েছে তা 82% ইউজারই বেশিরভাগ সময়ে ব্যবহার করেছেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ডিজিটাল দুনিয়ায় ইমোজির সংখ্যা কিন্তু নেহাতই কম নয়। সবমিলিয়ে মোট 3,665 টি ইমোজি রয়েছে।