আজকাল বহু মানুষই আছেন যারা ফোনের পাশাপাশি কম্পিউটারেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। বেশ কিছুদিন ধরে হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন মানে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সন মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ না থাকলেও ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। এখন জানা যাচ্ছে যে হ্যান্ডসেটে যদি ইন্টারনেট নাও থাকে তা সত্ত্বেও ডেস্কটপের ইন্টারনেটের সাহায্যে একই মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনকে টানা 14 দিন ইউজ করা যাবে।
হোয়াটসঅ্যাপের স্টেটমেন্টে বলা হয়েছে যে 14 দিন ব্যবহার করার পর রেজিস্টারড মোবাইল নাম্বারে যদি নেট ভরানো না থাকে তবে হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনের সেশন নিজে থেকেই লগ আউট হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করে যে মোবাইলে হোয়াটসঅ্যাপ না থাকলে কেবল ওয়েব ভার্সনে চ্যাট করলে মেসেজের সিকিউরিটি বজায় থাকবে কিনা? এই প্রশ্নের উত্তরে কোম্পানির তরফে ইউজারদের কোনোরকম চিন্তা না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেননা এক্ষেত্রেও চ্যাট থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড।
এছাড়া আরও বলা হয়েছে যে এখন থেকে একটি ফোনের হোয়াটসঅ্যাপকে একসঙ্গে চারটি ডেস্কটপ ডিভাইসেও লিঙ্ক করা যাবে।
জানা যাচ্ছে এই নতুন মাল্টি ডিভাইস লিঙ্ক ফিচার পাওয়া যাবে কেবল লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে। হোয়াটসঅ্যাপ এও জানিয়েছে যে একবার লিঙ্ক হয়ে যাবার পর ডেস্কটপ থেকে ফোন অনেক দূরে রাখলেও ওয়েব ভার্সনের কাজ চলবে।