নতুন ফোন কিনেছেন? পুরনো ফোনের সব তথ্য নতুন ফোনে নিতে চান? কিন্তু ভাবছেন সে তো অনেক ঝক্কির ব্যাপার! অনেক সময় লেগে যায়। কিন্তু সে হলেও পুরনো ফোনের তথ্য, মূলত WhatsApp Chat নতুন ফোনে ট্রান্সফার করে নেওয়া যায়। কিন্তু সেটার জন্য Google Drive -এর সাহায্য নিতে হবে। Google Drive -এ তথ্য সঞ্চিত থাকলে তবেই সেটা নতুন ফোনে পাওয়া যায়। কিন্তু সেই পদ্ধতি অনেক লম্বা। অনেক সময় সাপেক্ষ। এবার সেই সমস্যা থেকে ছুটকারা দিতে, ব্যবহারকারীদের সাহায্য করতে নতুন ফিচার আনছে WhatsApp।
WaBetaInfo -এর তরফে একটি রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে WhatsApp ফের একটি নতুন ফিচার আনছে। জানা গিয়েছে পুরনো ফোনের সমস্ত চ্যাট সহজেই নতুন ফোনে ট্রান্সফার করে নেওয়া যাবে। আর যার সাহায্যে এই কাজ করা যাবে সেই ফিচারের নাম চ্যাট ট্রান্সফার। এই রিপোর্টে জানানো হয়েছে যে Meta অধীনস্থ এই সংস্থা ইতিমধ্যেই সেটা নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। এই ফিচারের সাহায্যে Wifi বা মোবাইল ডেটা ব্যবহার করে একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে আরেকটি অ্যান্ড্রয়েড ফোনে তথ্য ট্রান্সফার করে নেওয়া যাবে।
কিন্তু কোন পদ্ধতিতে চ্যাট ট্রান্সফার করা যাবে? জানা গিয়েছে QR কোড স্ক্যান করেই এবার তথ্য ট্রান্সফার করা যাবে। এটার জন্য এখন আর Google Drive -এর সাহায্য লাগবে না। দরকার পড়বে না ক্লাউড স্টোরেজের। স্রেফ QR কোডটা স্ক্যান করে নিলেই হবে। যেই আপনি QR কোড স্ক্যান করবেন অমনি আপনার পুরনো ফোনের সব তথ্য নতুন ফোনে চলে আসবে। কিন্তু গোটা পদ্ধতি কেমন হবে, কী হবে সেটা এখনও Meta- এর তরফে জানানো হয়নি।